লখিমপুর খেরি: উত্তর প্রদেশের লখিমপুর-বহরাইচ জাতীয় সড়ক-৭৩০-এ সোমবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনায় আট জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি ট্রাক ও যাত্রীবাহী ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।মৃতদের মধ্যে ছয় জন পুরুষ ও দুই জন মহিলা রয়েছেন। তাঁরা লখিমপুরে শ্রমের কাজ শেষ করে বহরাইচ জেলার নানপাড়ায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। ঘটনার খবর পেয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।সোমবার সকাল প্রায় আটটা নাগাদ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে যান। আহতদের দ্রুত সরকারি অ্যাম্বুল্যান্সে করে খমরিয়া সমষ্টি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আট জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত আরও দুই জনের চিকিৎসা চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, যাত্রীবাহী ছোট গাড়িটি লখিমপুর থেকে সিসাইয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বহরাইচের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের বাইরে বের করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে থাকা সকলেই পেশায় শ্রমিক ছিলেন। তাঁরা কাজ শেষে নিজেদের গ্রামে ফিরছিলেন। দুর্ঘটনার পরে আহত ও মৃতদের খমরিয়া সমষ্টি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আট জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই জনকে পরে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি ক্রেনের সাহায্যে জাতীয় সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তাঁদের সঙ্গে থাকা সামগ্রী ও চলভাষের তথ্য খতিয়ে দেখছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।










