মুম্বাই: মুক্তি পেয়েছে ‘রাজা শিবাজী’র প্রথম ঝলক। ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করছেন রিতেশ দেশমুখ। ছবির ঝলকমুক্তির অনুষ্ঠানে এসে অঝোরে কেঁদেছেন রিতেশ ও জেনেলিয়া। দু’জনেই এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে বিশেষ ভূমিকা রয়েছে তারকাদম্পতির সন্তান রাহিল দেশমুখের। রিতেশ ও জেনেলিয়ার দুই সন্তান-রিয়ান ও রাহিল। কনিষ্ঠপুত্র রাহিলের জন্ম ২০১৬ সালে। সেই ১০ রাহিলও অভিনয় করেছে ‘রাজা শিবাজী’ ছবিতে। এটি তার প্রথম ছবি। ছত্রপতি শিবাজীর শৈশবের চরিত্র হিসাবে তাকে দেখা যাবে। ছবির ঝলকের শুরুর দিকেই দেখা গিয়েছে রাহিলকে। ছত্রপতি শিবাজীর স্ত্রী অর্থাৎ সাইবাঈ-এর চরিত্রে অভিনয় করছেন স্বয়ং জেনেলিয়াই। তবে কি পুত্রকেও অভিনয়জগতে নিয়ে আসতে চান রিতেশ ও জেনেলিয়া? এই প্রশ্নও ওঠে। রিতেশ আগে এক সাক্ষাৎকারে উত্তর দিয়েছিলেন, “এটা সম্পূর্ণ ওদের উপর নির্ভরশীল যে, ওরা ভবিষ্যতে কী হতে চায়। ওরা নিজেরাই সেই সিদ্ধান্ত নেবে। বাবা-মা হিসাবে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যে, ওরা ভবিষ্যতে কী হবে। আমি চাই, ভবিষ্যতে আমার বাচ্চারা নিজেরাই তাদের সিদ্ধান্ত নিক।”
মেয়ে আরাধ্যার থেকে সিনেমা সম্পর্কে কোনও মতামত নিতে চান না অভিষেক!
তারকা পরিবারে জন্ম হয়েছে আরাধ্যা বচ্চনের। ঠাকুরদা অমিতাভ বচ্চন, ঠাকুরমা জয়া বচ্চন, বাবা অভিষেক বচ্চন, মা ঐশ্বর্যা রাই বচ্চন— সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। কিন্তু, এখনও পর্যন্ত সিনেমা দেখার অভ্যাস তেমন ভাবে তৈরি হয়নি আরাধ্যার। বাবা-মাকে একসঙ্গে কোনও সিনেমাতে দেখেওনি সে। অন্য দিকে, বাবা অভিষেক নাকি এমনিই চান না যে, মেয়ে তাঁর সিনেমা দেখুক। এমনকি মেয়ের থেকে সিনেমা সংক্রান্ত কোনও উপদেশই নিতে চান না তিনি। কেন? প্রতিনিয়ত বাবার সঙ্গে তুলনা, তারকাসন্তান হওয়ার বাড়তি বোঝা কাঁধে নিয়েই ইন্ডাস্ট্রিতে আসেন অভিষেক। যদিও বহু বছরের চেষ্টায় বলিউডে স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে পেরেছেন তিনি। শোনা যাচ্ছে, শাহরুখ খানের পরবর্তী ‘কিং’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। গত কয়েক বছরে সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। অথচ অভিষেক নাকি ভয় পান আরাধ্যাকে। অভিষেকের কথায়, ‘‘আমি আমার সিনেমা সংক্রান্ত কোনও আলোচনা আরাধ্যার সঙ্গে করি না। আসলে ও ভাল বা মন্দ যা-ই বলবে, সেটা আমার কাজের ধরনকে পুরো পাল্টে দেবে। হয়তো আমি মানসিক ভাবে ততটা শক্ত নই যে, আরাধ্যার মতামতটা গ্রহণ করতে পারব। বরং আমি আমার ভাবের দুনিয়াতে থাকতেই বেশি পছন্দ করি।’’










