বারুইপুরে পুলিশকে কড়া নির্দেশ

IMG-20260707-WA0100

কাউকে ছাড়া হবে না, বার্তা শুভেন্দুর

বারুইপুরে: বারুইপুর ধর্ষণ-খুনের ঘটনায় ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুলিশ-প্রশাসনের শিথিলতা থাকলে, সেই বিষয়েও যে পদক্ষেপ নেওয়া হবে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। একইসঙ্গে বারুইপুরে গণপিটুনিতে যুবকের মৃত্যু নিয়েও কড়া পদেক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, ‘কাউকে ছাড়া হবে না’। মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী। এসপি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।সেখানেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, অশান্তির ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী আরও জানান, যে সন্দেহভাজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তিনি নির্দোষ। পুলিশের প্রাথমিক তদন্তে এই তথ্যই সামনে এসেছে। এই খুনেরও বিচার হবে। দোষীদের কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই অশান্তিতে রাজনৈতিক লোক পিছন দিক থেকে উসকানি দিয়েছে। তাঁদের চিহ্নিত করা হয়েছে। একাধিক কল রেকর্ডিং পেয়েছে পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের কাউকে রেয়াত করা হবে না। যাঁরা অশান্তি করেছে, রেললাইন উপড়েছে তাঁরা ছাড় পাবেন না। নির্দোষ যুবকের মৃত্যুর ঘটনাতেও দোষীদের গ্রেপ্তার করা হবে। তাঁর কথায়, “এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার ব্যবস্থা করব।” এই ঘটনায় ডিজিপিকে ৭২ ঘণ্টা সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সময়ের মধ্যে গোটা ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নির্যাতিতার মৃত্যুর ঘটনায় পুলিশের কোনও গাফিলতি থাকলে কড়া অ্যাকশন নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতিতার বাড়ির সামনে আউটপোস্ট তৈরির নির্দেশ দেন তিনি। শুভেন্দু জানান, তিনি এক সপ্তাহের মধ্যে ফের বারুইপুরে আসবেন। সরকার যা করেছে তা সকলেই দেখতে পাবে। শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমি রাজ্যের সব থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। রাজ্য পুলিশের কর্তাদের বলেছি, এই ধরনের ঘটনা আটকাতে হবে।’’ ঘটনার পর থেকেই পরিবার এবং স্থানীয়েরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অভিযোগ, সময়মতো পদক্ষেপ করেনি পুলিশ। সেই নিয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছিলেন রাজ্য পুলিশের ডিজি। তিনি জানিয়েছিলেন, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। তার কয়েক ঘণ্টার মধ্যে একই ভাষায় পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘গোটা রাজ্যের সব থানার সঙ্গে যোগাযোগ করেছি। ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ব্যবস্থা নিতে হবে।’’ শুভেন্দু বলেন, ‘‘আমি সব খতিয়ে দেখেছি। আগের দিন রাতে মিসিং ডায়েরি হয়েছিল। তার পরে কী কী হয়েছে, সব জেনেছি। সরকার কী কাজ করল, তা আপনারা জানতে পারবেন। এক সপ্তাহ পর আমি আবার আসব। নির্যাতিতা এবং গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করব। এই ঘটনায় সরকারের থেকে কী সাহায্য আশা করছে বা ক্ষতিপূরণের বিষয় আমরা ওই দুই পরিবারের উপর ছেড়ে দিয়েছিলাম। তারা আমাকে কিছু কিছু বিষয় জানিয়েছে।’’ সূর্যপুরে একটা পুলিশ আউটপোস্টের দাবি উঠেছে। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘অবিলম্বে আউটপোস্ট তৈরির কথা বলেছি। প্রয়োজনে বাড়ি ভাড়া করে আউটপোস্ট করতে হবে। এক সপ্তাহ পর আমি আসব যখন, তখন ওই আউটপোস্ট উদ্বোধন করব।’’

About Author

Advertisement