চেন্নাই: আইপিএল ২০২৬-এর ৬৩তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৫ উইকেটে পরাজিত করল চেন্নাই সুপার কিংসকে। এই জয়ের ফলে সানরাইজার্স হায়দরাবাদের পাশাপাশি গুজরাট টাইটান্সও প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। দুই দলেরই ১৩টি ম্যাচে ১৬ করে পয়েন্ট রয়েছে। প্লে-অফে ওঠা প্রথম দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে।
সোমবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে। দলের হয়ে সর্বাধিক ৪৪ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ২৭ বল মোকাবিলা করে তিনি ৪টি ছক্কা ও ২টি চার মারেন। এছাড়া কার্তিক শর্মা ৩২, সঞ্জু স্যামসন ২৭ এবং শিবম দুবে ২৬ রান যোগ করেন।
সানরাইজার্সের বোলারদের মধ্যে অধিনায়ক প্যাট কামিন্স ৩টি এবং সাকিব হুসেন ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮১ রান তুলে নেয়। ঈশান কিষাণ ৪৭ বলে সর্বাধিক ৭০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। হেনরিখ ক্লাসেন ২৬ বলে ৪৭ রান করেন, যার মধ্যে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। অভিষেক শর্মা ২৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত সালিল অরোড়া ১০ এবং রবিচন্দ্রন স্মরণ ৫ রানে অপরাজিত থাকেন।
চেন্নাই সুপার কিংসের বোলারদের মধ্যে মুকেশ চৌধুরী ২টি উইকেট নেন।









