শিলিগুড়ি পুরনিগমে দুর্নীতির অভিযোগ

FB_IMG_1779356724472

তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফুলবাড়ি: উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ি পুরনিগমে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন জনপ্রতিনিধিরা। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, বিষয়টি খতিয়ে দেখতে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গের প্রশাসনিক পরিকাঠামো, উন্নয়নমূলক প্রকল্প এবং শাসনব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে উত্তরকন্যায় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ ও বিধায়ক একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ঘোষণার কথা তুলে ধরেন।
তাঁরা জানান, আগামী জুন মাস থেকে সমগ্র রাজ্যে “বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ”–এর আওতায় একশো পঁচিশ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু করা হবে। পাশাপাশি জুন মাস থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য ভাড়া মুকুব করার ঘোষণাও করা হয়েছে।
রাজু বিস্তা ও শঙ্কর ঘোষ অভিযোগ করেন, শিলিগুড়ি পুরনিগমে বড় ধরনের দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে এবং খুব শীঘ্রই তদন্ত প্রক্রিয়া শুরু হবে। তাঁরা আরও জানান, যেসব পুরনিগমে এখনও নির্বাচন বাকি রয়েছে, সেখানে বর্ষা শেষ হওয়ার পর ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।
বৈঠকে চা বাগান এলাকাগুলির উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। চা–সংক্রান্ত উন্নয়নমূলক প্রকল্পকে আরও কার্যকর করতে অসমের মডেল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
সাংসদ ও বিধায়ক জানান, উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজের নিয়মিত পর্যালোচনার জন্য এখন থেকে প্রতি মাসে এই ধরনের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি পুলিশ, প্রশাসন এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

About Author

Advertisement