নয়াদিল্লি: স্পেনের তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা মর্যাদাপূর্ণ উইম্বলডন টেনিস প্রতিযোগিতা থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কবজির চোটের কারণে দু’বারের চ্যাম্পিয়ন এই খেলোয়াড় প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।
গত মাসে বার্সেলোনা ওপেন চলাকালীন আলকারাজের ডান হাতের কবজিতে চোট লাগে। এর আগেই তিনি এই সপ্তাহের শেষে শুরু হতে চলা ফরাসি ওপেন থেকেও নাম প্রত্যাহার করেছিলেন। উল্লেখ্য, গত দুই বছর ধরে ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন ছিলেন আলকারাজ।
সমাজমাধ্যমে আলকারাজ লিখেছেন, “আমার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে এবং এখন অনেক ভালো অনুভব করছি। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও প্রতিযোগিতায় নামার মতো পুরোপুরি প্রস্তুত নই।”
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের নজির গড়েছিলেন আলকারাজ। তিনি ২০২৩ এবং ২০২৪ সালে ঘাসের কোর্টে অনুষ্ঠিত গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের শিরোপাও জিতেছিলেন। দুইবারই ফাইনালে তিনি নোভাক জোকোভিচকে পরাজিত করেন।
তবে গত বছর ফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাঁকে।
উইম্বলডন এবং লন্ডনের কুইন্স ক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতি প্রতিযোগিতায় খেলতে না পারায় হতাশা প্রকাশ করে আলকারাজ বলেন, “এই দুটি প্রতিযোগিতা আমার কাছে খুবই বিশেষ। তাই এ বছর সেখানে থাকতে না পারাটা বড় শূন্যতা তৈরি করবে।”










