শিলিগুড়ি করিডর নিয়ে বড় সিদ্ধান্ত, নিরাপত্তার স্বার্থে কেন্দ্রকে ১২০ একর জমি দিল রাজ্য সরকার‎‎

7lqa9amg_chicken-neck_625x300_01_April_25

কলকাতা: পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর তথা ‘চিকেন নেক’-এর নিরাপত্তা আরও জোরদার করতে ১২০ একর জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দিয়েছে। সীমান্ত নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে নেওয়া এই সিদ্ধান্তকে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয় বৃদ্ধির দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। জানা গিয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে এই জমি ব্যবহার করা হবে।‘চিকেন নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডর ভারতের ভূ-রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর এলাকা। প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডই মূল ভারতের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র স্থলপথ সংযোগ রক্ষা করে। নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্তবর্তী এবং চিন সীমান্তের নিকটবর্তী হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে সেনা চলাচল, রসদ সরবরাহ ও বাণিজ্যের ক্ষেত্রে এই করিডরের গুরুত্ব অপরিসীম। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জমি হস্তান্তরের ফলে এখন কেন্দ্র সরকার সেনা ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর জন্য আরও শক্তিশালী পরিকাঠামো, উন্নত সড়ক এবং আধুনিক নিরাপত্তা চৌকি নির্মাণের সুযোগ পাবে।সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী পদে আসীন শুভেন্দু অধিকারীর এটি প্রথম বড় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত। দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক রদবদল এবং আইনশৃঙ্খলা কঠোর করার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। নতুন সরকার শপথ গ্রহণের পরপরই জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এই গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রের হাতে তুলে দিয়ে ভবিষ্যৎ নীতির স্পষ্ট বার্তা দিয়েছে। যদিও কেন্দ্র সরকার এখনও এই জমির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

About Author

Advertisement