লখনউ: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কথিত দ্বৈত নাগরিকত্ব মামলায় এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। এর আগে রায়বেরেলির নিম্ন আদালত এফআইআর দায়েরের আবেদন খারিজ করে জানিয়েছিল যে নাগরিকত্ব সংক্রান্ত সংবেদনশীল বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। তবে হাইকোর্ট সেই রায় বাতিল করে শুক্রবার এই নির্দেশ জারি করেছে।
আদালত তার রায়ে জানিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা অভিযোগগুলি অত্যন্ত গুরুতর এবং সেগুলির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে তারা নিজে এই মামলার তদন্ত করুক অথবা কোনো কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে তা তুলে দিক।
অভিযোগটি দায়ের করেছেন কর্ণাটকের এক বিজেপি কর্মী। তাঁর দাবি অনুযায়ী, রাহুল গান্ধী ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট আইন লঙ্ঘন করেছেন।
এই মামলা প্রথমে রায়বেরেলির আদালতে দায়ের করা হয়েছিল, পরে হাইকোর্টের নির্দেশে তা লখনউতে স্থানান্তরিত হয়। চলতি বছরের ২৮ জানুয়ারি লখনউ আদালত মামলাটি খারিজ করে দেয়, যার পর অভিযোগকারী হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের এই নতুন নির্দেশের ফলে বিষয়টি নতুন করে রাজনৈতিক ও আইনগত বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।










