মস্কো: ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ‘ওজোন’-এর দাগেস্তান অঞ্চলে অবস্থিত চারটি লজিস্টিক হাবে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। মাখাচকালা এলাকায় থাকা ওই কেন্দ্রগুলোতে হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে। ভিডিওতে লজিস্টিক কেন্দ্রগুলোতে আগুন জ্বলতে এবং ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলায় ওজোনের গুদাম ও পণ্য পরিবহন-সংক্রান্ত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এবং হামলার দায় স্বীকারের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।











