জয়পুর: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের পরও রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে বেশ আবেগপ্রবণ এবং আক্রমণাত্মক মেজাজে দেখা গেল। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি ধারাভাষ্যকার এবং সমালোচকদের কড়া জবাব দেন। দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা মন্তব্যে যে তিনি বিরক্ত, তা স্পষ্ট করে দেন রাজস্থানের অধিনায়ক।
মঙ্গলবার রাতে জয় পেয়ে প্রতিযোগিতার শেষ চারের আশা জিইয়ে রেখেছে রাজস্থান। যদিও এই ম্যাচে খেলেননি রিয়ান। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন যশস্বী জয়সওয়াল।
মাত্র ১৫ বছর বয়সে ৩৮ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা নেওয়া বৈভব সূর্যবংশীর প্রশংসা করার পাশাপাশি ব্যক্তিগত সমালোচনার বিষয়েও মুখ খোলেন রিয়ান।
সম্প্রতি ধূমপান সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়া রিয়ানকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কীভাবে সমালোচনার মোকাবিলা করেন, তখন তিনি বলেন, “আমি যা-ই করি, মানুষ কথা বলবেই। এটা আমি বুঝে গিয়েছি। তবে মাঠের বাইরের বিষয় যেন আমার খেলা, ফর্ম বা মানসিকতায় প্রভাব ফেলতে না পারে, সেটাও শিখেছি।
কিবোর্ড যোদ্ধাদের কাজ মাঠের বাইরেই সীমাবদ্ধ থাকা উচিত। খেলোয়াড়দের খেলাতেই মন দেওয়া দরকার।”
ধারাভাষ্য কক্ষে বসা বিশেষজ্ঞদের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন রাজস্থান অধিনায়ক। তাঁর বক্তব্য, খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
রিয়ান বলেন, “কোনও দল যদি ৭৫ বা ৮০ রানে অলআউট হয়ে যায়, তখন অনেকে বলে খেলোয়াড়রা খেলতে জানে না কিংবা খেলতে চায় না। কিন্তু সেই ম্যাচের আগে দীর্ঘ প্রস্তুতির দিকে কেউ নজর দেয় না। প্রতিটি দলই ২২০ বা ২৫০ রান করার লক্ষ্য নিয়ে নামে, কিন্তু প্রতিদিন ফল নিজেদের মতো হয় না। আমরাও মানুষ, আমাদেরও ভুল হয়। ধারাভাষ্যকারদের ক্রিকেটকে ভালোবাসা উচিত এবং ক্রিকেট নিয়েই আলোচনা করা উচিত। ব্যক্তিগত জীবন বা মাঠের বাইরের বিষয় খেলায় টেনে আনা উচিত নয়।”
লখনউয়ের বিরুদ্ধে জয়ের পর রাজস্থান রয়্যালস ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। এখন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে পারলেই শেষ চারে জায়গা নিশ্চিত হবে। তবে হারলে সমীকরণ জটিল হয়ে পড়বে।










