সিডনি: আগামী মরশুম থেকে বিগ ব্যাশ লিগে (বিবিএল) স্লো ওভার রেট নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু হতে চলেছে। পুরুষ ও মহিলা—উভয় প্রতিযোগিতাতেই নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে না পারলে বাকি ওভারগুলোতে পাওয়ারপ্লের মতো বাউন্ডারির বাইরে সর্বোচ্চ দু’জন ফিল্ডার রাখা যাবে।
বর্তমানে পুরুষদের বিবিএলে ২০ ওভার শেষ করার জন্য ৮৪ মিনিট এবং মহিলাদের বিবিএলে ৭৮ মিনিট ৪৫ সেকেন্ড সময় নির্ধারিত রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময় পেরিয়ে গেলে বাকি ওভারগুলোতে অধিকাংশ ফিল্ডারকে ৩০ গজের বৃত্তের ভিতরে রাখতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেটেও স্লো ওভার রেটের ক্ষেত্রে অতিরিক্ত একজন ফিল্ডারকে বৃত্তের ভিতরে আনার নিয়ম রয়েছে। তবে বিবিএলের নতুন নিয়মে বোলিং করা দলের ওপর আরও চাপ বাড়বে। এর ফলে ধীরগতির বোলিংয়ের সরাসরি সুবিধা পাবেন ব্যাটিং দলের খেলোয়াড়রা এবং ম্যাচের গতি বজায় রাখতে বোলারদের আরও সতর্ক থাকতে হবে।





