বিক্ষোভ আন্দোলনে সামিল হলো আশা কর্মীরা

IMG-20260805-WA0045(1)

কোচবিহার: বাঁকুড়ার এক আশা কর্মী রুম্পা মন্ডলের মানসিক চাপে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ আন্দোলনে সামিল হলো আশা কর্মীরা। মঙ্গলবার জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে দোষীদের শাস্তি এবং মৃতের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার দাবিতে অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। আশা কর্মীদের এদিনের এই আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২ আগস্ট বাঁকুড়ার এক অনুষ্ঠানে বিজেপি বিধায়ক চন্দনা বাউরি আশা কর্মীদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছিলেন। তাঁদের দাবি, ওই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন এক আশা কর্মী এবং পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ ছড়ায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে।ডেপুটেশনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মৃত আশা কর্মীর পরিবারের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ারও দাবি জানানো হয়।বিক্ষোভকারীদের বক্তব্য, স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আশা কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তাঁদের নিরাপত্তা, মর্যাদা এবং কর্মপরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তাই এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সিএমওএইচ অফিসে স্মারকলিপিও জমা দেওয়া হয়।ওই ঘটনাকে ঘিরে জেলায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

About Author

Advertisement