ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত দলে ফিরলেন নেইমার‎

IMG-20260519-WA0061

‎রিও ডি জেনেইরো: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ৩৪ বছর বয়সি এই ফুটবলার প্রায় আড়াই বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন।
‎নেইমার শেষবার ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে। সেই ম্যাচ চলাকালীন তাঁর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে গুরুতর চোট লাগে। এরপর দীর্ঘ সময় চোটের সঙ্গে লড়াই করতে হলেও শৈশবের ক্লাব সান্তোসে ফিরে দুর্দান্ত ছন্দে দেখা যায় তাঁকে। গত বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৩৮টি ম্যাচে ১৭টি গোল করেছেন নেইমার। সেই পারফরম্যান্সের জোরেই নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি।
‎তবে নেইমারের শারীরিক সক্ষমতা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়েছে, কারণ তাঁর ফুটবল জীবন চোট-আঘাতে বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবুও তিনি এখন নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে প্রস্তুত।
‎ব্রাজিলের প্রধান প্রশিক্ষক কার্লো আনচেলত্তি সোমবার সন্ধ্যায় রিও ডি জেনেইরোয় এক অনুষ্ঠানে প্রাথমিক ৫৫ জনের তালিকা থেকে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। এদিন নেইমারের নির্বাচন নিয়ে খোলাখুলি মন্তব্যও করেন তিনি।
‎আনচেলত্তি বলেন, “আমরা নেইমারকে শুধুমাত্র বিকল্প হিসেবে দলে নিইনি। নিজের দক্ষতা দিয়ে তিনি দলে নতুন শক্তি যোগ করতে পারেন। তিনি এক মিনিট খেলুন বা পুরো নব্বই মিনিট, আমাদের তাঁর খেলার মানের দিকেই নজর দিতে হবে। তবে শুধুমাত্র একজন ফুটবলারের উপর নির্ভর করে বিশ্বকাপ জেতা সম্ভব নয়।
অনুশীলনের ভিত্তিতেই ঠিক হবে তিনি কতটা সময় মাঠে থাকবেন, কিন্তু তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য।”
‎ব্রাজিল ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলদাতা নেইমার। এখনও পর্যন্ত ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৭৯টি গোল করেছেন। বার্সেলোনা ও প্যারিস সাঁ জার্মাঁর মতো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা থাকা নেইমার এবার ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও এন্দ্রিকদের সঙ্গে ব্রাজিলকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতানোর লক্ষ্যে নামবেন।
‎ব্রাজিলের ফরোয়ার্ড লাইনে নেইমারের পাশাপাশি রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্দ্রিক, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো ফুটবলাররা।
আক্রমণভাগে একাধিক বিকল্প থাকলেও দলে মিডফিল্ডার রয়েছেন মাত্র পাঁচজন। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে দল গঠন করা হয়েছে।
‎বোর্নমাউথের হয়ে খেলা রায়ান চূড়ান্ত দলে সুযোগ পেলেও চেলসির জোয়াও পেদ্রো জায়গা পাননি। চোটের কারণে রিয়াল মাদ্রিদের রদ্রিগো, ডিফেন্ডার এদের মিলিতাও এবং চেলসির এস্তাভিও আগেই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছেন।
‎আগামী বিশ্বকাপের আসর বসবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। প্রতিযোগিতা শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সঙ্গে রয়েছে হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।
‎ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল:
‎গোলরক্ষক: অ্যালিসন, এদেরন, ওয়েভারতন।
‎রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো লুইস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, রজার ইবানেজ, লেও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি।
‎মাঝমাঠ: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফাবিনিয়ো, লুকাস পাকেতা।
‎আক্রমণভাগ: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিকে, মাথেউস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

About Author

Advertisement