প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার, সংসদে পরাজয় ইস্যুতে তীব্র কটাক্ষ

20260419209f-scaled

কলকাতা: মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে পরাজয়ের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি।
সভা থেকে মমতা বলেন, “লোকসভায় যা ফল হয়েছে, এই সরকার টিকবে না। ছাব্বিশ থেকেই পতন শুরু হয়ে গিয়েছে, এখন শুধু যাওয়ার অপেক্ষা।” সংসদে ভোটাভুটির প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বিরোধী দলের বহু সদস্য উপস্থিত থাকতে না পারায় ফলাফল প্রভাবিত হয়েছে। তাঁর বক্তব্য, “সবাই উপস্থিত থাকলে বিজেপি সম্পূর্ণভাবে পরাজিত হতো। যেমন আমরা আগেও হারিয়েছি, আগামী দিনেও হারাব।”
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “নিজেরা হারবে বুঝে ৫৪৩ আসনের বদলে সাড়ে ৮০০ আসনের পরিকল্পনা করেছিল। গতকাল দূরদর্শনে ভাষণ দিয়ে মিথ্যা কথা বলেছেন। রাজ্যে ভোট চলাকালীন কীভাবে রাজনৈতিক প্রচার করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।” পাশাপাশি এই বিষয়ে অভিযোগ জানানোর কথাও বলেন।
রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। রাসবিহারীর তৃণমূল নেতা দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, আমরা চুপ করে থাকব না।” একই সঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার প্রসঙ্গ তুলে তিনি জানান, তাঁদের সঙ্গে যুক্ত কর্মীদের ভয় দেখানো হচ্ছে।
তারকেশ্বরের সভা থেকে তিনি আরও বলেন, “যারা আমাদের দলের জন্য কাজ করছে, তাদের বাংলাছাড়া করার চেষ্টা চলছে। কিন্তু আমরা কাউকে ছেড়ে দেব না, তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করব।”
এ দিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। প্রশ্ন তুলে তিনি বলেন, “আমাকে কি আক্রমণ করার চেষ্টা চলছে? যদি আমাকে সরিয়ে বাংলাকে দখল করতে চান, তবে চেষ্টা করে দেখুন।” পাশাপাশি তিনি দাবি করেন, অতীতেও তাঁকে একাধিকবার আক্রমণের চেষ্টা করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই তীব্র আক্রমণে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

About Author

Advertisement