কোচবিহার: পুনর্বাসন ছাড়া রেল হকারদের উচ্ছেদ করা চলবে না এই দাবিকে সামনে রেখে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল সিপিআই। দলের খাগড়াবাড়ি এরিয়া কমিটির পক্ষ থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দফতরে আসে। বিক্ষোভ চলাকালীন সংগঠনের প্রতিনিধি দল এসডিওর কাছে স্মারকলিপি জমা দেয়।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেল সংলগ্ন এলাকায় ছোট ছোট ব্যবসা করে বহু হকার ও তাঁদের পরিবার জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ করে তাঁদের উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলে বহু পরিবার চরম সঙ্কটে পড়বে। তাই বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনও ভাবেই হকারদের সরানো চলবে না বলে দাবি তোলে সিপিআই(এম)। দলীয় নেতৃত্বের বক্তব্য, রেল হকারদের জীবিকার প্রশ্নে প্রশাসনকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
শুধু হকারদের পুনর্বাসন নয়, এদিনের ডেপুটেশনে সাধারণ মানুষের স্বার্থে একাধিক নাগরিক সমস্যার কথাও তুলে ধরা হয়। স্থানীয় স্তরে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত সমস্যা, জনস্বার্থের দাবিদাওয়া এবং প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।সিপিআই(এম) নেতৃত্বের দাবি, প্রশাসন যদি দ্রুত ইতিবাচক পদক্ষেপ না করে, তা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা। ফলে হকার উচ্ছেদ ও পুনর্বাসন ইস্যুতে খাগড়াবাড়ি তথা কোচবিহারের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।











