আমস্টারডাম: নেদারল্যান্ডসের জলসম্পদ ব্যবস্থাপনাকে বিশ্ববাসীর জন্য শিক্ষণীয় বলে উল্লেখ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে তিনি নেদারল্যান্ডসের ঐতিহাসিক আফস্লাউটডাইক প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা নেন।প্রধানমন্ত্রী জানান, জলসম্পদ ব্যবস্থাপনায় নেদারল্যান্ডস অগ্রণী কাজ করেছে এবং এ ক্ষেত্র থেকে সমগ্র বিশ্বের অনেক কিছু শেখার রয়েছে। তিনি এই সফরে তাঁর সঙ্গে থাকার জন্য নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রাব জেটেন কে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেচব্যবস্থা উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ জলপথ নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে কাজ চলছে। তিনি জানান, ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তিগত সহযোগিতা ভারতের জলসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।









