দিনহাটা: ফরওয়ার্ড ব্লক দলের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের একদিন পর ফিরে পাওয়া সুভাষ ভবনে দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। রবিবার দলের মহকুমা কার্যালয় সুভাষ ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি গোবিন্দ রায়, রাজ্য সম্পাদকমন্ডলের সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায়, দীপক চট্টোপাধ্যায়, ডলি রায়, অসীম সিনহা ছাড়াও দলের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, জেলা সভাপতি দীপক সরকার, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, নৃপেন রায় সহ অনেকেই। এদিন সভা শুরুর আগে প্রয়াত নেতা কমল গুহর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব।এদিন এই সভায় দলের জেলা সভাপতি দীপক সরকারের উপর গত বিধানসভা নির্বাচনের সময় যে শোকজ করা হয়েছিল সেটা তুলে নেওয়া হয়। সভায় দলকে আরও সংগঠিত করতে ঐক্যের বার্তা তুলে ধরা হয়। এছাড়াও স্বচ্ছ ভাবমূর্তি যারা ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করেছিলেন এবং রাজ্যে পরিবর্তনের পর আবার ফিরে আসার চিন্তা ভাবনা করছেন তাদেরকে দলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি যারা নানা রকম দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছে উদয়ন গুহ সহ অন্যান্যদেরকে কোনভাবেই দলে নেওয়া হবে না বলেও পরিষ্কার জানিয়ে দেন রাজ্য নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব উল্লেখ করেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের পর বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় এসেছে। আমরা ইতিমধ্যেই দাবি জানিয়েছি নতুন সরকারের আমলে কোম্পানি রাজ নয় অর্থাৎ কর্পোরেট যেন কোনোভাবেই শাসন করতে না পারে। পাশাপাশি আমরা চাই জনগণের সরকার। এই দাবিকে সামনে রেখে আগামী দিনের একাধিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।










