নয়াদিল্লি : বিমানযাত্রার সময় পাওয়ারব্যাঙ্ক সঙ্গে রাখা বর্তমানে যাত্রীদের কাছে অত্যন্ত সাধারণ বিষয়। মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে পাওয়ারব্যাঙ্ক বেশ কাজে আসে। তবে এবার একটি বিশেষ মডেলের পাওয়ারব্যাঙ্ক বিমানযাত্রীদের জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
নাগরিক বিমান চলাচল মহাপরিচালক (ডিজিসিএ) মোবিকিন্স এমকে–পিবি–০৪ পাওয়ারব্যাঙ্ক* ভারতগামী ও ভারত থেকে ছেড়ে যাওয়া এবং দেশের অভ্যন্তরে চলাচলকারী সমস্ত যাত্রীবাহী ও পণ্যবাহী বিমানে বহনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিমানে আগুন লাগার সাম্প্রতিক ঘটনার পর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১১ অক্টোবর দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানে এক যাত্রীর বৈদ্যুতিন যন্ত্রে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর বিমানটির গতিপথ পরিবর্তন করে হায়দরাবাদের দিকে ঘুরিয়ে দিতে হয়। এই ঘটনা ফের উড়ান চলাকালীন লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত যন্ত্রপাতি থেকে তৈরি হওয়া সম্ভাব্য বিপদের বিষয়টি সামনে নিয়ে এসেছে।
ডিজিসিএ বিমান সংস্থাগুলি ও যাত্রীদের নির্দেশ দিয়েছে, উল্লিখিত মডেলের পাওয়ারব্যাঙ্ক কোনও অবস্থাতেই বিমানে বহন করা যাবে না। উড়ান চলাকালীন আগুন লাগার মতো দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য।
বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, ভ্রমণের আগে নিজেদের পাওয়ারব্যাঙ্কের মডেল পরীক্ষা করে নিতে এবং বিমান চলাচলের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে।





