মুম্বাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরেও কি হরমনপ্রীত কৌরকেই অধিনায়ক রেখে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই প্রশ্নের জবাব দিয়ে দিল বোর্ড। হরমনপ্রীতের উপরেই ভরসা দেখাল তারা। বিশ্বকাপ থেকে বিদায়ের দু’দিন পর এশিয়ান গেমসের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা করেছে বোর্ড। ১৫ জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দল গিয়েছিল, সেখান থেকে মাত্র এক জন ক্রিকেটার বদল করা হয়েছে। যস্তিকা ভাটিয়ার বদলে নেওয়া হয়েছে জি কমলিনীকে। অর্থাৎ, দ্বিতীয় উইকেটরক্ষক বদল করেছে বোর্ড। বাকি দল একই রয়েছে। বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল। তাঁর বদলে প্রেমা রাওয়াতকে নেওয়া হয়েছিল দলে। এশিয়ান গেমসের দলে ফেরানো হয়েছে শ্রেয়াঙ্কাকে। তবে তার আগে তাঁকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। নইলে শ্রেয়াঙ্কার বদলে কাউকে নেওয়া হবে। দলের অধিনায়ক হরমনপ্রীত। সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। ব্যাটিংয়ের দায়িত্ব রয়েছে শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ়, ভারতী ফুলমালিদের হাতে। উইকেটরক্ষক বাংলার রিচা ঘোষ। অলরাউন্ডার হিসাবে রয়েছেন দীপ্তি শর্মা। স্পিন আক্রমণের দায়িত্ব দীপ্তির পাশাপাশি শ্রী চরণি, রাধা যাদব ও শ্রেয়াঙ্কার কাঁধে। পেসার হিসাবে রয়েছেন রেণুকা সিংহ ঠাকুর, নন্দিনী শর্মা, ক্রান্তি গৌড় ও অরুন্ধতী রেড্ডি।
১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমস। এ বারের প্রতিযোগিতা হবে জাপানে। মহিলাদের পাশাপাশি ভারতের পুরুষদের দলও খেলবে সেখানে। সেই দল আগেই ঘোষণা করে দিয়েছে বোর্ড। এশিয়ান গেমসে ভারতীয় দল— হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ়, ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কমলিনী (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, শ্রী চরণি, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, রেণুকা সিংহ ঠাকুর, নন্দিনী শর্মা, ক্রান্তি গৌড় ও অরুন্ধতী রেড্ডি।










