শিলিগুড়ি। নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৬) থেকে ১৬টি সোনার বার উদ্ধার করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর শিলিগুড়ি ইউনিট। উদ্ধার হওয়া সোনার ওজন ১.৮৫৬ কিলোগ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২.২৪ কোটি টাকা (২,২৪,৬৫,০০০ টাকা)। সোনা পাচারের অভিযোগে ত্রিপুরার বাসিন্দা বিধান দাস (৪৭) ও সঞ্জয় দাস (৩৭)-কে গ্রেপ্তার করা হয়েছে।
ডিআরআই সূত্রে জানা গেছে, অভিযুক্ত দু’জন ত্রিপুরা থেকে কলকাতায় স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই আধিকারিকরা এনজেপি রেলওয়ে স্টেশনে ট্রেনটির ৮ নম্বর বগিতে তল্লাশি চালান। তল্লাশির সময় সঞ্জয় দাসের পরনের প্যান্টে বিশেষভাবে তৈরি একটি পকেট থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় এবং বিধান দাসের কাছ থেকে আরও ৬টি সোনার বিস্কুট পাওয়া যায়। অভিযুক্তদের কেউই এই স্বর্ণের স্বপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি।

ডিআরআই উভয় অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে হাজির করে। আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ১০ ডিসেম্বর ধার্য করা হয়েছে। ডিআরআই এই চোরাচালান চক্রটির বিষয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।





