নয়াদিল্লি: ইউক্রেনের সুমি শহরে ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তার ওষুধ কারখানায় রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে।
হামলায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার কারণে কারখানার মূল ভবনের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, কোম্পানিটির অন্তত ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
হামলার পর কারখানা চত্বর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। কর্মকর্তারা জানিয়েছেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। যে কারখানাটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেটি রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে অবস্থিত।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুসুম গ্রুপের এই কারখানাটি ভারতীয় নাগরিক রাজীব গুপ্তা পরিচালনা করেন। ১৯৯০-এর দশকে ইউক্রেনে যাওয়ার পর গুপ্তা সেখানেই কুসুম গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠা করেন।
কোম্পানিটি ১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধের পরিবেশক হিসেবে কাজ শুরু করে। ১৯৯৬ সালে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে নিবন্ধিত হয়।
কুসুম গ্রুপের সদর দপ্তর ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত। এটিকে ইউক্রেনে পরিচালিত অন্যতম প্রধান ভারতীয় ওষুধ কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।





