লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতায় লিভারপুল আবারও এক হতাশাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুলকে উলভারহ্যাম্পটন ২-১ গোলে পরাজিত করে। গত পাঁচটি ম্যাচে এটি লিভারপুলের দ্বিতীয় হার এবং চলতি মৌসুমে তাদের নবম পরাজয়।
এই অ্যাওয়ে ম্যাচে ৬৬ শতাংশ বল দখল রেখে খেললেও লিভারপুল একসময় পিছিয়ে পড়ে। রদ্রিগো গোমেস ৭৮তম মিনিটে গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন। এরপর অভিজ্ঞ মোহাম্মদ সালাহ ৮৩তম মিনিটে গোল করে লিভারপুলকে ১-১ সমতায় ফেরান। কিন্তু অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আন্দ্রে গোল করে উলভারহ্যাম্পটনকে টানা দ্বিতীয় জয় এনে দেন।
এই হারের পর গত মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল ২৯টি ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে উলভারহ্যাম্পটন ৩০টি ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে অবস্থান করছে।
প্রিমিয়ার লিগের অন্যান্য ম্যাচে সান্ডারল্যান্ড লিডস ইউনাইটেডকে ১-০ গোলে এবং এভারটন বার্নলিকে ২-০ গোলে পরাজিত করেছে। অন্যদিকে বোর্নমাউথ ও ব্রেন্টফোর্ডের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র (০-০) হয়েছে।










