নয়াদিল্লি: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচির জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি, সরকারি কাজে বাধা সৃষ্টি এবং বিএনএসএস-এর ১৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে। দিল্লির যন্তর মন্তরের দিকে মিছিল করে যাওয়ার সময় পুলিশ বিরোধী দলীয় নেতাদের পথ আটকে দেয়, যার ফলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নারী নেত্রী সংবিধানের প্রতিলিপি হাতে নিয়ে রাস্তায় বসে পড়েন; পরবর্তীতে পুলিশ তাঁদের আটক করে। এ ঘটনায় বেশ কয়েকজন সংসদ সদস্য ও আন্দোলনকারীসহ প্রায় ৯১ জনকে আটক করা হয়েছে।





