২৪-ঘণ্টা পর্যটক সহায়তা হেল্পলাইন নম্বর ৯৮০০২৪২৪২৬ চালু
শিলিগুড়ি: শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিলিগুড়ি পুলিশ ট্যুরিস্ট হেল্পলাইন-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সংসদীয় বিষয়ক ও পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ড. শঙ্কর ঘোষ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, আইপিএস; কমিশনার অব পুলিশ শিলিগুড়ি,শ্রী তন্ময় সরকার, আইপিএস; ডেপুটি কমিশনার অব পুলিশ,(হেড কোয়ার্টার) এসপিসি, কাজি সামসুদ্দিন আহমেদ, আইপিএস; ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রাফিক)এবং অন্যান্য আইপিএস, আইএএস, ডব্লিউবিসিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকবৃন্দ।

পর্যটকদের যাত্রাপথে দ্রুত ও কার্যকর পুলিশি সহায়তা প্রদানের লক্ষ্যে শিলিগুড়ি পুলিশ ট্যুরিস্ট হেল্পলাইন চালু করা হয়েছে। শিলিগুড়ি হয়ে দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স এবং সিকিমগামী পর্যটকরা যাত্রাপথে অসদাচরণ, অতিরিক্ত ভাড়া আদায়, প্রতারণা অথবা পুলিশের সহায়তা প্রয়োজন এমন যেকোনো সমস্যার ক্ষেত্রে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন।
এই উপলক্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের টহল ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যান চলাচল আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ট্রাফিক বিভাগকে চারটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল প্রদান করা হয়। এর মধ্যে দুটি পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড, একটি জংশন ট্রাফিক গার্ড এবং একটি ভক্তিনগর ট্রাফিক গার্ডকে বরাদ্দ করা হয়েছে।
এছাড়াও ট্রাফিক গার্ডে কর্মরত সকল সিভিক ভলান্টিয়ারদের নিষ্ঠা, আন্তরিকতা ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতি এবং উৎসাহ প্রদানের উদ্দেশ্যে তাঁদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।










