বিরাটনগর: নেপালের মানাং জেলায় সাত হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালের বেস ক্যাম্পে তুষারধসে দুইজনের মৃত্যু হয়েছে। এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন।
নেপাল পুলিশ রবিবার জানিয়েছে, তুষারধসে বেস ক্যাম্পে থাকা পর্বতারোহণ সংস্থার গাইড ও সহায়ক কর্মীদের বেশ কয়েকটি তাঁবু চাপা পড়ে। শরৎকালীন পর্বতারোহণ মৌসুম শুরুর আগে দড়ি স্থাপন, তাঁবু প্রস্তুত করা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য তারা বেস ক্যাম্পে অবস্থান করছিলেন।
তুষারধসে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে।
অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান হিমালয়ান হলিডেজের মহাব্যবস্থাপক বরুণ ভাণ্ডারী জানিয়েছেন, তাদের অর্ধডজনের বেশি কর্মী নিখোঁজ রয়েছেন। তাঁর মতে, বেস ক্যাম্পে সংস্থাটির ২০ জনের বেশি কর্মীর একটি দল অবস্থান করছিল।
আরেকটি অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ইমাজিন নেপাল প্রাইভেট লিমিটেডও জানিয়েছে, তাদের কয়েকজন কর্মী তুষারধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কতজন কর্মী নিখোঁজ বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত জানায়নি।
মানাংয়ে তুষারধসের এই ঘটনা নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যার কিছুদিন পর ঘটল। এক মাস আগে ভোতেকোশি এলাকায় বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল।
প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে মানাং প্রশাসন এর আগেই ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ পার্বত্য এলাকায় ট্রেকিং বা পদযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল। উচ্চ পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাসের পর জেলা নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
২৪ সেপ্টেম্বর থেকে নেপালের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে নদী ও খালের পানির স্তর বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।





