হাতির হামলায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান বনমন্ত্রীর

IMG-20260805-WA0043

কামাখ্যাগুড়ি: বুনো হাতির তাণ্ডবে প্রাণ হারানো বৃদ্ধের শোকার্ত পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অন্তর্গত সংকোশ বনবস্তিতে পৌঁছান রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজকুমার ওরাওঁ। বুনো হাতির আক্রমণে নিহত ৬৮ বছর বয়সী ফুলবাহাদুর সুব্বার পরিবারের হাতে সরাসরি সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দেন মন্ত্রী। উল্লেখ্য, গত ১৮ জুলাই সংকোশ বনবস্তির বাসিন্দা ফলবাহাদুর সুব্বা বুনো হাতির হামলায় মর্মান্তিকভাবে প্রাণ হারান। এই ঘটনার পর থেকেই শোকে ব্যাকুল গোটা পরিবার। মঙ্গলবার নিহত ব্যক্তির বাড়ি পৌঁছে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। তিনি মৃত ফুলবাহাদুর সুব্বার মেয়ে পুষ্পা সুব্বার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন। চেক হস্তান্তরের পাশাপাশি পরিবারটিকে পুনর্বাসনের বিষয়ে বড় আশ্বাস দেন মন্ত্রী। পরিবারের একজনকে সরকারি চাকরি এবং পুষ্পা সুব্বার পড়াশোনার দায়িত্ব নেওয়া কথা ঘোষণা করেন মন্ত্রী। বনমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনক এই ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত। রাজ্য সরকার সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। এই সংকটে পরিবারটি যাতে ঘুরে দাঁড়াতে পারে, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’ এদিন বনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা সহ অন্যরা।

About Author

Advertisement