স্বর পরীক্ষায় ফের অভিষেককে তলব

FB_IMG_1782239187194

ডিজে-মন্তব্য মামলায় মঙ্গলবার তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। আগামী বুধবার, ৮ জুলাই অভিষেককে ফের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাকা হয়েছে। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উচ্চ আদালত নমুনা পরীক্ষার উপরে স্থগিতাদেশ দেয়নি। এই প্রেক্ষাপটেই আগামী ৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে বিধাননগর আদালত। ওই দিন সকাল ১০টার মধ্যে বিধাননগর এসিজেএম আদালতে এই নমুনা সংগ্রহ করা হবে। এই মর্মে অভিষেককে নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বিধানসভা ভোটের প্রচারপর্বে বিভিন্ন সভা থেকে ‘ডিজে বাজানো’ নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” ওই সময়ে একাধিক প্রচারসভায় এমন মন্তব্য করেন অভিষেক। নির্বাচন পরবর্তী সময়ে তা নিয়ে মামলা হয় অভিষেকের বিরুদ্ধে। উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। প্রথমে বিধাননগর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। পরে সিআইডি ওই মামলার তদন্ত শুরু করে। সেই মামলার তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি। বিধাননগর আদালত তাতে সম্মতিও দেয়। কিন্তু তার বিরোধিতা করে হাই কোর্টে যান অভিষেক। সাংসদের বক্তব্য, ওই কণ্ঠস্বর তাঁরই। এ বিষয়টি তিনি অস্বীকারও করেননি। তার পরেও কেন কণ্ঠস্বরের নমুনার প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা করেন তিনি। উল্লেখ্য, বিধাননগর আদালতের নির্দেশ ছিল, গত মঙ্গলবার ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সিআইডি আধিকারিক এবং ফরেনসিক বিশেষজ্ঞও সেই মতো প্রস্তুত ছিলেন বলে খবর। তবে শেষ পর্যন্ত অভিষেক যাননি বিধাননগর আদালতে। মঙ্গলবার হাই কোর্টেও তাঁর কণ্ঠস্বর মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘‘তদন্তে কোনটা প্রয়োজন, আর কোনটা নয়, সেটা তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না আদালত।’’ অভিষেকের মামলার শুনানির মাঝপর্যায়েই তিনি তা ছেড়ে দেন। এ অবস্থায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির অফিসে চিঠি পাঠিয়েছেন সাংসদের আইনজীবীরা। ওই মামলার শুনানির জন্য নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন করা হয়েছে।

About Author

Advertisement