বার্সেলোনা: স্প্যানিশ লা লিগা ফুটবল প্রতিযোগিতায় বার্সেলোনা আরও একটি জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। বুধবার রাতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে তারা সেল্টা ভিগো-কে ১-০ গোলে পরাজিত করে।
নিজেদের ঘরের মাঠ ক্যাম্প নউ-তে ৬০ শতাংশ বল দখল রেখে খেললেও জয়ের জন্য বার্সেলোনাকে কঠোর পরিশ্রম করতে হয়। শেষ পর্যন্ত লামিন ইয়ামালের ৪০তম মিনিটে করা পেনাল্টি গোলই ম্যাচের ফল নির্ধারণ করে। প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা আক্রমণ চালিয়ে যায়। পেদ্রির একটি গোল ভিএআর সিদ্ধান্তে অফসাইডের কারণে বাতিল হয়।
এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা লিগ তালিকার শীর্ষে রয়েছে। তাদের থেকে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ৯ পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে, ৪৪ পয়েন্ট নিয়ে সেল্টা ভিগো সপ্তম স্থানে রয়েছে।
অন্য এক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ আবারও পরাজয়ের মুখ দেখে। এবার তাদের ৩-২ গোলে হারায় এলচে। ম্যাচের ৩০তম মিনিটে থিয়াগো আলমাদা লাল কার্ড দেখলে অ্যাটলেটিকোর জন্য বড় ধাক্কা আসে। এলচের হয়ে আন্দ্রে সিলভা ৩৩ ও ৭৫তম মিনিটে দুটি গোল করেন, আর ডেভিড এফেনগ্রুবের ১৮তম মিনিটে একটি গোল যোগ করেন। অ্যাটলেটিকোর হয়ে নিকোলাস গনজালেজ ১০ ও ৩৪তম মিনিটে দুটি গোল করেন।
চলতি মৌসুমে এটি অ্যাটলেটিকোর টানা চতুর্থ পরাজয়। ৫৭ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে, ৩৫ পয়েন্ট নিয়ে এলচে ১৫তম স্থানে অবস্থান করছে।
আরেকটি ম্যাচে গেটাফে ১-০ গোলে রিয়াল সোসিয়েদাদ-কে পরাজিত করে।










