রানাঘাট: নদিয়ার শান্তিপুরের কে.সি. দাস রোডের গোভাগার মোড় এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত দেহ উদ্ধার হয়। রবিবার ভোরে স্থানীয় বাসিন্দারা একটি মোটরবাইক ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখে, সন্দেহ হলে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু দূরে ড্রেনের জলের মধ্যে মাথা ডুবিয়ে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সূত্রাগর অঞ্চলে আজ রবিবার তাঁত কাপড়ের হাট হওয়ার কারণে, পথ চলতি সাধারণ মানুষের সংখ্যা ছিল অনেক বেশি, এছাড়া ও স্থানীয় বাসিন্দারা ভিড় জমান বিষয়টি দেখতে এবং জানতে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ড্রেনে পড়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।









