সিলিগুড়ি: শপথ গ্রহণের পর কলকাতা থেকে ফিরে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আবারও তাঁর পরিচিত ভঙ্গিতে স্কুটি চালিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর জন্য স্কুটি ব্যবহারের অভ্যাস তিনি এবারও বজায় রাখেন।
শনিবার নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি কর্মী ও সমর্থকরা। স্টেশনে পৌঁছতেই দলীয় কর্মীরা মালা ও খাদা পরিয়ে তাঁকে স্বাগত জানান। দীর্ঘক্ষণ ধরে সমর্থকদের ভিড় ও উচ্ছ্বাসে স্টেশন চত্বর সরগরম হয়ে ওঠে।
অভ্যর্থনার পর বিধায়ক স্কুটি চালিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিজের বাসভবনের দিকে রওনা হন। স্টেশন থেকে বাড়ি পর্যন্ত যাত্রাপথে সমর্থকরাও তাঁর সঙ্গে যোগ দেন, ফলে পুরো যাত্রাটি সংক্ষিপ্ত শোভাযাত্রার রূপ নেয়।










