নয়া দিল্লি: কেন্দ্র সরকার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের কার্যকাল আগামী ৩০ মে শেষ হচ্ছে। তিনি ৩০ মে থেকে জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন।লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর উপপ্রধান এবং ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ পদে দায়িত্ব পালন করেন।৩৯ বছরের বিশিষ্ট সামরিক পরিষেবার পর তিনি ২০২৫ সালের ৩১ জুলাই সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি সেন্ট্রাল কমান্ডের জিওসি হিসেবেও কাজ করেছেন। দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি বিশেষভাবে পরিচিত।তিন বাহিনীর মধ্যে আরও উন্নত সমন্বয় গড়ে তুলতে কেন্দ্র সরকার ২০২০ সালের ১ জানুয়ারি চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদ সৃষ্টি করেছিল। এরপর জেনারেল বিপিন রাওয়াত দেশের প্রথম সিডিএস হন। তাঁর কার্যকাল ছিল ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত।৮ ডিসেম্বর কেরলের কুন্নুরে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পদটি শূন্য ছিল।অবসরপ্রাপ্ত জেনারেল অনিল চৌহানকে দ্বিতীয় সিডিএস হিসেবে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর নিয়োগ করা হয়েছিল। তাঁর কার্যকাল ২০২৬ সালের ৩০ মে শেষ হচ্ছে। এরপর দেশের তৃতীয় সিডিএস হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক বিষয়ক বিভাগের সচিবের দায়িত্বও সামলাবেন।









