লিন্ডা নস্কোভাকে হারিয়ে সাবালেঙ্কা ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে

IMG-20260314-WA0027

ইন্ডিয়ান ওয়েলস: আরিনা সাবালেঙ্কা বিএনপি পারিবাস ওপেন টেনিস প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছেন। তিনি লিন্ডা নস্কোভাকে সরাসরি সেটে ৬–৩, ৬–৪ ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন।
বেলারুশের সাবালেঙ্কা প্রথমবার ইন্ডিয়ান ওয়েলসে সেমিফাইনাল খেলতে নামা ২১ বছর বয়সি চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় নস্কোভার বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন। ডাবল ব্রেকের সুবিধা নিয়ে তিনি দ্রুত ৫–১ ব্যবধানে এগিয়ে যান এবং প্রথম সেট জিতে নেন।
এরপর দ্বিতীয় সেটে নস্কোভা কিছুটা ভালো খেললেও বিশ্বের এক নম্বর খেলোয়াড় সাবালেঙ্কাকে থামাতে পারেননি। বেলারুশের এই খেলোয়াড় খোলা কোর্টে শক্তিশালী ফোরহ্যান্ড মারতে মারতে ১ ঘণ্টা ২৮ মিনিটে ম্যাচটি জিতে নেন।
ম্যাচের পর সাবালেঙ্কা বলেন, জিতে খুব ভালো লাগছে, তবে এখানে আমি আগের কয়েকটি ফাইনালে হেরেছি। তাই রবিবারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। আমি আমার সেরা টেনিস খেলতে চাই এবং বছরের শুরুটা ভালোভাবে করতে চাই।
উল্লেখযোগ্য যে, সাবালেঙ্কা এর আগে দুইবার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হেরেছেন। রবিবার ফাইনালে তার মুখোমুখি হবেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা।
নস্কোভার বিরুদ্ধে সেমিফাইনালে জয় ইন্ডিয়ান ওয়েলসে সাবালেঙ্কার ক্যারিয়ারের ২০তম জয়। ১৯৮৯ সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর টানা তিনবার ফাইনালে ওঠা প্রথম বিশ্ব এক নম্বর খেলোয়াড় হলেন সাবালেঙ্কা।

About Author

Advertisement