জিম্বাবুয়ের মুজারাবানি কেকেআর দলে যোগ দিলেন

IMG-20260314-WA0028

কলকাতা: কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে জিম্বাবুয়ের পেস বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে। কেকেআর কর্তৃপক্ষ মুজারাবানিকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতের এই প্রতিযোগিতায় খেলতে যাওয়ায় মুজারাবানি আর পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলতে পারবেন না। তিনি ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের বিষয়ে ওই লিগের সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন।
গত বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত খেলোয়াড়দের নিলামে কেকেআর বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ রুপিতে দলে নিয়েছিল। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই ৩০ বছর বয়সি বোলারকে দলে নেওয়ার সময় কেকেআরের সহ-মালিক শাহরুখ খানেরও সমালোচনা হয়েছিল।
পরে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কেকেআর মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেয়।
এদিকে মুজারাবানি এর আগে পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত লিগের নিলামে তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। পরে ইসলামাবাদ ফ্র্যাঞ্চাইজি তাকে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার শামার জোসেফের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করেছিল।

About Author

Advertisement