রাশিয়ার সতর্কবার্তা, বিদেশিদের কিয়েভ ছাড়ার নির্দেশ

IMG-20261004-WA0045

কিয়েভ: ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের শহর ছেড়ে যাওয়ার পাশাপাশি ইউক্রেনে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে রাশিয়া।
একই সঙ্গে কিয়েভের স্থানীয় বাসিন্দাদের সামরিক ও প্রশাসনিক কেন্দ্রগুলি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে অবস্থিত সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে রাশিয়া ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাবে। মন্ত্রণালয়ের দাবি, রুশ নাগরিক ও অবকাঠামোর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই এই হামলা অব্যাহত রাখা হবে।
মস্কো সতর্ক করে দিয়েছে, এই সতর্কবার্তা উপেক্ষা করার ফলে কোনো ধরনের অপ্রীতিকর বা ক্ষতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।
এর আগে গত ২৫ মে রাশিয়া তার বিদেশি অংশীদারদের কাছে পাঠানো একটি কূটনৈতিক নোটের মাধ্যমেও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল। এরপর ২৭ মে উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়েও বিষয়টি পুনরায় তুলে ধরেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি, নরওয়ে এবং সুইজারল্যান্ডসহ একাধিক দেশও তাদের নাগরিকদের ইউক্রেনে ভ্রমণ না করার জন্য বারবার পরামর্শ দিয়ে আসছে।

About Author

Advertisement