নয়াদিল্লি: রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য ভারত ‘এ’ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে রজত পাটিদার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন যে, ৫০ ওভারের ফরম্যাটে খেলার জন্য তিনি বর্তমানে উপলব্ধ নন। ফলে, এই টুর্নামেন্টের জন্য ভারত ‘এ’ দল থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে আয়ুষ বাদোনিকে। পাশাপাশি, রিঙ্কু সিংকে দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিসিসিআই-এর এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রজত পাতিদার বর্তমানে পুরোপুরি তাঁর পুনর্বাসনের (রিহ্যাবিলিটেশন) ওপর মনোযোগ দিতে চান। এই কারণে তিনি ৫০ ওভারের ফরম্যাটে নির্বাচনের জন্য বিবেচিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। ফলস্বরূপ, এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য নির্বাচক কমিটি তাঁর পরিবর্তে আয়ুষ বাদোনিকে দলে নিয়েছে।
দলের ক্ষেত্রে আরেকটি পরিবর্তন এসেছে নেতৃত্বের জায়গায়। নির্বাচক কমিটি রিঙ্কু সিংকে ‘ইন্ডিয়া এ’ দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে, আর তিলক ভার্মা দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই দলে অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এবং প্রভসিমরণ সিংয়ের মতো অভিজ্ঞ ব্যাটাররা রয়েছেন। এছাড়া দলে দুজন উইকেটরক্ষক-ব্যাটার প্রভসিমরণ সিং ও কুমার কুশাগ্র কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাইজিং স্টারস এশিয়া কাপে ২০ নভেম্বর নেপালের বিপক্ষে ভারত ‘এ’ দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২২ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দলের। তৃতীয় ও শেষ ম্যাচটি ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে অনুষ্ঠিত হবে। দোহায় আয়োজিত এই টুর্নামেন্টে ভারতের প্রথম দুটি ম্যাচ ভারতীয় মান সময় অনুযায়ী বিকেল ৩:৩০ মিনিটে শুরু হবে। অন্যদিকে, তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ১১:৩০ মিনিটে।





