মিশ্র দলীয় শুটিং ও ব্যাডমিন্টন ইভেন্টে হতাশাজনক পারফরম্যান্স

IMG-20260922-WA0050

নয়াদিল্লি: এশিয়ান গেমসে মঙ্গলবার ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলীয় ইভেন্টের ফাইনালে ভারতের শুটিং জুটি—এলাভেনিল ভালারিভান ও পার্থ মানে—কোয়ালিফাইং রাউন্ডের সেই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারেননি। ফাইনালে চতুর্থ স্থান অধিকার করায় পদক হাতছাড়া হয় এই ভারতীয় জুটির। এলাভেনিল ও পার্থ এর আগে তাঁদের নিজ নিজ দলীয় ইভেন্টে রৌপ্যপদক জিতেছিলেন, কিন্তু মিশ্র দলীয় ফাইনালে তাঁরা চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের জুটির কাছে কোনো জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।
ফাইনালে ভারতীয় জুটি শুরু থেকেই পিছিয়ে ছিল এবং শেষ পর্যন্ত ৩৭৬.৩ পয়েন্ট নিয়ে পদক জয়ের লড়াই থেকে ছিটকে পড়ে। অন্যদিকে, চীনের ওয়াং ঝিফেই ও শেং লিহাও জুটি ৫০৭.১ পয়েন্টের বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করে। এদিকে, দক্ষিণ কোরিয়ার বান হিয়ো-জিন ও পার্ক হা-জুন জুটি ৫০২.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক জিতে নেয়। জাপানি দল ৪৩৯.৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জপদক লাভ করে। বাছাইপর্বে চতুর্থ হওয়া ভিয়েতনামের দলটিকে অযোগ্য ঘোষণা করা হয়। এর আগে, ভারতের এলাভেনিল ও পার্থ জুটি বাছাইপর্বে ৬৩৪.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল।
একইভাবে, ভারতীয় নারী ব্যাডমিন্টন দলের পদক জয়ের সম্ভাবনাও শেষ হয়ে গেছে। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ১-৩ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। জাপানের বিপক্ষে তিনটি সিঙ্গেলস ম্যাচেই ভারত হেরেছে; শীর্ষ খেলোয়াড় পিভি সিন্ধু আকানে ইয়ামাগুচির কাছে (২৩-২১, ১৮-২১, ১১-২১) এবং উন্নতি হুডা তোমোকা মিয়াজাকির কাছে (২১-১৬, ২১-১৮) পরাজিত হন। শেষ একক ম্যাচে তানভি শর্মা নোজোমি ওকুহারার কাছে ২১-১২, ২১-১০ ব্যবধানে পরাজিত হন। ভারতের একমাত্র সাফল্যটি আসে দ্বৈত ম্যাচে, যেখানে ত্রিসা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি ইউকি ফুকুশিমা ও মায়ু মাতসুমোতোর জুটিকে ২১-১৭, ২১-১৬ ব্যবধানে পরাজিত করে।

About Author

Advertisement