প্যালাটাইন (ইলিনয়): মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী নাবিলা সৈয়দ। তিনি ইলিনয় অঙ্গরাজ্যের ২৬তম সিনেট ডিস্ট্রিক্টে রিপাবলিকান পার্টির প্রার্থী ডার্বি হিলসকে পরাজিত করে জয়লাভ করেছেন।
নির্বাচনে নাবিলা ৫৬.১ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ডার্বি হিলস পেয়েছেন ৪৩.৯ শতাংশ ভোট। ২৭ বছর বয়সী নাবিলা ইলিনয় জেনারেল অ্যাসেম্বলিতে নির্বাচিত সর্বকনিষ্ঠ প্রতিনিধি; পাশাপাশি তিনি এই আইনসভার প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী সদস্য। এর আগে, মাত্র ২৩ বছর বয়সে ইলিনয়ের ৫১তম হাউস ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন।
পালাটাইনে জন্মগ্রহণকারী ও বেড়ে ওঠা নাবিলার বাবা-মা ভারতের হায়দরাবাদ থেকে এসেছেন এবং আশির দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। নাবিলা তার নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যসেবার সুযোগ, ওষুধের মূল্য নিয়ন্ত্রণ, নারীর স্বাস্থ্য ও গর্ভপাতের অধিকার, বন্দুক সহিংসতা রোধ এবং শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয়গুলোকে মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন।





