মারা গেছেন কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার উবালদো রাত্তিন

IMG-20260712-WA0103

বুয়েনস আইরেস: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও সাবেক অধিনায়ক আন্তোনিও উবালদো রাত্তিন ৮৯ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুতে আর্জেন্টিনা তথা সমগ্র ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। রাত্তিনকে দেশটির অন্যতম সেরা মিডফিল্ডার ও অধিনায়ক হিসেবে গণ্য করা হতো। তিনি ১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন এবং ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপেও অংশ নেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এএফএ-র এক বিবৃতিতে বলা হয়েছে যে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সভাপতি ক্লাউদিও তাপিয়ার মাধ্যমে আন্তোনিও উবালদো রাত্তিনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। তিনি ছিলেন আর্জেন্টাইন জাতীয় দল ও আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা আইকন; ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাত্তিন তাঁর পুরো খেলোয়াড়ি জীবন বুয়েনস আইরেসের ক্লাব বোকা জুনিয়র্সে কাটিয়েছেন। সেখানে ১৯৫৬ থেকে ১৯৭০ সালের মধ্যে তিনি ৩৮২টি ম্যাচ খেলে ২৮টি গোল করেন। এই সময়ে তিনি চারটি লিগ শিরোপা জেতেন এবং ১৯৬৩ সালে দলকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে নিয়ে যান। খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর এবং রাজনীতিতে প্রবেশের আগে তিনি বোকা জুনিয়র্সে কোচ হিসেবেও কাজ করেছিলেন।

About Author

Advertisement