বুয়েনস আয়ার্স: আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আইনি জটিলতায় পড়েছেন। মিয়ামির একটি অনুষ্ঠান-আয়োজক সংস্থা ভিআইডি মিউজিক গ্রুপ মেসি এবং আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মামলাটি গত বছরের অক্টোবর মাসে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যে প্রীতি ম্যাচকে কেন্দ্র করে। সংস্থার অভিযোগ, ওই ম্যাচে অংশগ্রহণের জন্য প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গ করেছেন মেসি।
চুক্তি অনুযায়ী, তিনি যদি আহত না হন, তবে অন্তত ৩০ মিনিট মাঠে খেলবেন—এমন শর্ত ছিল। কিন্তু মেসি ম্যাচে অংশ নেননি এবং স্টেডিয়ামের একটি বিলাসবহুল আসনে বসে খেলা উপভোগ করেন।
সংস্থার দাবি, মেসির অনুপস্থিতির ফলে টিকিট বিক্রি, পৃষ্ঠপোষকতা এবং সম্প্রচার আয়ে বড় ধরনের প্রভাব পড়ে, যার ফলে তারা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
ভিআইডি মিউজিক গ্রুপের আইনজীবী রালফ পেতিনো জানান, মেসির অংশগ্রহণ এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল এবং তা সরাসরি ম্যাচের বাণিজ্যিক সাফল্যের সঙ্গে যুক্ত ছিল।
উল্লেখ্য, সংস্থাটি আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি করেছিল। মেসি ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে অংশ না নিলেও পরের দিন যুক্তরাষ্ট্রের পেশাদার লিগে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামেন।
আটলান্টার বিরুদ্ধে সেই ম্যাচে তিনি দুটি গোলও করেন। তবে পুয়ের্তো রিকোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও তিনি অংশ নেননি।
আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকোর মধ্যে ম্যাচটি প্রথমে শিকাগোতে হওয়ার কথা থাকলেও টিকিট বিক্রি কম হওয়ায় তা মিয়ামিতে স্থানান্তর করা হয়। পরে টিকিটের দাম কমিয়ে ২৫ ডলার পর্যন্ত নামানো হয়।
অন্যদিকে, আর্জেন্টিনা ফুটবল সংস্থা এই পরিস্থিতির জন্য অভিবাসন-সংক্রান্ত সমস্যাকে দায়ী করেছে।
নিজের নেতৃত্বে আর্জেন্টিনাকে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা মেসি বর্তমানে ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। এটি তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে।









