কাঠমান্ডু: বিদেশি নাগরিকত্ব গ্রহণ করায় ১৭ জন চিকিৎসকের চিকিৎসা অনুমতি বাতিল করেছে নেপাল চিকিৎসা পরিষদ। পরিষদের জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট চিকিৎসকদের নাম নিবন্ধন তালিকা থেকে অপসারণ করা হয়েছে। নেপাল চিকিৎসা পরিষদ আইন, বিধি এবং দেশের নাগরিকত্ব সংক্রান্ত আইনের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন স্থগিতের বিধান রয়েছে।
পরিষদের প্রকাশিত তালিকায় ডা. শর্মিলা গুরুং, ডা. রোশন ভুষাল, ডা. মোতি গুরুং, ডা. দেবরাজ রেগমি, ডা. মেরিনা গুরুং, ডা. নিরঞ্জনদেব পাণ্ডে, ডা. রোজন কে সি, ডা. মমতা গুরুং, ডা. রাজীব হামাল, ডা. সালুজা সিং থারু, ডা. সুজনা কে সি, ডা. জোস্না শাহি, ডা. মনীষা হামাল এবং ডা. সুপ্রিয়া শাক্যসহ মোট ১৭ জনের নাম রয়েছে। এছাড়াও ডা. ইচ্ছা নেউপানে, ডা. দীপেন ঢকাল এবং ডা. তুষার সর্বজ্ঞের অনুমতিও তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
পরিষদের নথি অনুযায়ী, এই চিকিৎসকেরা ভারত, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও হংকংসহ বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। নেপালের বর্তমান আইনে দ্বৈত নাগরিকত্বের কোনও বিধান না থাকায় বিদেশি পাসপোর্ট গ্রহণের সঙ্গে সঙ্গেই তাঁদের নেপালে চিকিৎসা করার অনুমতি অবৈধ হয়ে পড়ে।
এই সিদ্ধান্তের ফলে এখন সংশ্লিষ্ট চিকিৎসকেরা নেপালের কোনও হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে আইনগতভাবে রোগী দেখতে পারবেন না। ভবিষ্যতে তাঁরা নেপালে চিকিৎসা পরিষেবা দিতে চাইলে বিদেশি নাগরিক হিসেবে নতুন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় পরিষদের অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে।










