বাগদান সারলেন মিঠুন কন্যা দিশানী

IMG-20260615-WA0112

মুম্বই: ১৬ জুন অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিন। ঠিক তার আগের দিনই চক্রবর্তী পরিবারে এল এক জোড়া উৎসবের উপলক্ষ। প্রকাশ্যে এল অভিনেতার একমাত্র কন্যা দিশানী চক্রবর্তীর বাগদানের খবর। সুদূর আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দীর্ঘদিনের প্রেমিক মাইল্স মন্টজারিসের সঙ্গে আংটি বদল সারলেন তিনি। মাইল্স নিজে হলিউডের একজন পেশাদার ‘কালারিস্ট’ ও সিনেমাটোগ্রাফার। গত ১২ জুন সমুদ্রসৈকতের ধারের এক মনোরম পাহাড়ি টিলায় বসেছিল এই বাগদানের আসর। মোমের আলোয় সাজানো সেই রোমান্টিক সন্ধ্যায় সাদা পোশাকে নজর কেড়েছেন ২৫ বছর বয়সী দিশানী। সোশ্যাল মিডিয়ায় হবু স্বামীর হাঁটু মুড়ে বসা প্রস্তাবের ছবি ও নিজের হাতের মস্ত হিরের আংটি শেয়ার করে দিশানী লিখেছেন, “আমার জীবনের সহজতম ‘হ্যাঁ’।” লস অ্যাঞ্জেলেসের ‘নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি’ থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করা দিশানী যে খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন, সেই গুঞ্জনও এখন টলিপাড়ায় তুঙ্গে। দিশানির এই খুশির খবরের আবহে আরও একবার নেটিজেনদের মনে ভেসে উঠছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর এক মানবিক লড়াইয়ের গল্প। দিশানী মিঠুন ও যোগিতা বালি দম্পতির দত্তক কন্যা। তবে তিন ছেলে— মিমো, উষ্মে ও নমোশির চেয়ে কোনো অংশে কম ভালোবাসা পাননি তিনি। বহু বছর আগে কলকাতার এক রাস্তার ধার থেকে এক সদ্যজাত কন্যাসন্তানকে উদ্ধার করে পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই খবর সংবাদমাধ্যমে পাওয়া মাত্রই বিচলিত হয়ে পড়েন মিঠুন। তৎকালীন সময়ে আইনি জটিলতা ও নানা সামাজিক বাধা সত্ত্বেও পিছপা হননি অভিনেতা। স্ত্রী যোগিতার পূর্ণ সমর্থনে সমস্ত আইনি লড়াই জিতে সেই শিশুকন্যাকে নিজের কন্যা করে নেন তিনি। সেই মেয়েই আজ সুদূর আমেরিকায় নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। বাবার দেখানো পথেই রুপোলী পর্দায় নিজের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিচ্ছেন চক্রবর্তী বাড়ির এই আদরের মেয়ে। এখনও তাঁর প্রথম ছবির আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, দিশানীর জীবনের এই নতুন অধ্যায়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর অনুরাগীরা।

About Author

Advertisement