নয়াদিল্লি: ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেজর জেনারেল বি. সি. খণ্ডুরী (অবসরপ্রাপ্ত)-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। শোকবার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, বি. সি. খণ্ডুরীর প্রয়াণে দেশ এক বিশিষ্ট সেনা আধিকারিক, দক্ষ প্রশাসক এবং বিরল সততার অধিকারী রাজনীতিবিদকে হারাল।
তিনি বলেন, ভারতের সড়ক পরিকাঠামো উন্নয়নে খণ্ডুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে স্বর্ণিম চতুর্ভুজ প্রকল্প এবং জাতীয় সড়ক উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর দূরদর্শী ভূমিকা দেশের উন্নয়নের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।
উপরাষ্ট্রপতি আরও জানান, সম্প্রতি দেরাদুন সফরের সময় তাঁর সঙ্গে বি. সি. খণ্ডুরীর সাক্ষাৎ হয়েছিল। সেই সময় তাঁরা লোকসভায় একসঙ্গে কাটানো দিনগুলির স্মৃতিচারণ করেছিলেন।
তিনি প্রয়াত নেতার পরিবারের সদস্য, অনুরাগী এবং উত্তরাখণ্ডের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই শোকের মুহূর্তে তাঁদের শক্তি ও সাহস জোগানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।











