নেপালে বন্যার তাণ্ডব

IMG-20260904-WA0074

মৃতদেহ না মিললেও পরিবারগুলো করতে শুরু করেছে প্রতীকী শেষকৃত্য

কাঠমান্ডু: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও শত শত পরিবার এখনও নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। তবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান দীর্ঘায়িত হওয়ায় অনেক পরিবার তাদের স্বজনদের জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে শুরু করেছে। মৃতদেহ উদ্ধার না হলেও তারা হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী প্রতীকী শেষকৃত্য পালন করছেন। নিখোঁজ ব্যক্তির খড়ের পুতুল তৈরি করে তা দাহ করা হচ্ছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সরকারি কর্মকর্তা ধ্রুব প্রসাদ অধিকারী বলেছেন, দুর্যোগের মাত্রা কল্পনারও বাইরে এবং এখন বাস্তবতার মুখোমুখি হতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকারী দল পৌঁছাতেই ১২ ঘণ্টারও বেশি সময় লেগেছে।
নিখোঁজদের সন্ধানে জলবিদ্যুৎ প্রকল্পের মাটি ও ধ্বংসাবশেষে চাপা পড়া সুড়ঙ্গগুলোতেও উদ্ধার অভিযান চলছে। কোথাও ড্রিলিং, আবার কোথাও বিস্ফোরণ ঘটিয়ে পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত সুড়ঙ্গ থেকে কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি, তবে কয়েকটি মৃতদেহ উদ্ধার হয়েছে।
কাঠমান্ডুতে নিখোঁজ স্বজনদের পরিচয় শনাক্ত করতে বিপুল সংখ্যক মানুষ ডিএনএ নমুনা দিতে আসছেন। মর্গে স্থান সংকট দেখা দেওয়ায় কয়েকটি মৃতদেহের ইতোমধ্যে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
স্বামী নিখোঁজ হওয়ার পর প্রতীকী শেষকৃত্য করা ডোলমা নেয়ার তামাং বলেন, আত্মার শান্তির জন্য এই ধর্মীয় আচার পালন করা জরুরি হয়ে পড়েছিল।

About Author

Advertisement