পথে নামলেন বারো লক্ষের বেশি ওষুধ ব্যবসায়ী
কলকাতা: অবৈধ বৈদ্যুতিন ফার্মেসি এবং বাজারে নকল ওষুধের বাড়বাড়ন্তের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে সামিল হলেন ওষুধ ব্যবসায়ীরা। ‘অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস’-এর ডাকে মঙ্গলবার চব্বিশ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘট পালিত হয়। এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানায় ‘বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন’ও।
সংগঠনের অভিযোগ, অনলাইন মাধ্যমে ওষুধ বিক্রিতে বাড়তে থাকা অনিয়ম, নকল ওষুধের বিস্তার এবং অতিরিক্ত ছাড়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রবণতা জনস্বাস্থ্যের জন্য বড় বিপদের কারণ হয়ে উঠেছে। তাদের দাবি, ধর্মঘটের জেরে দেশজুড়ে বারো লক্ষেরও বেশি ওষুধের দোকান বন্ধ ছিল।
‘অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস’ এই বিষয়ে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিল।
ওষুধ ব্যবসায়ী সংগঠনগুলির আরও দাবি, ‘ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন, ১৯৪০’-এর আওতায় করোনা পর্বে বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার যে ছাড় দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সংগঠনগুলির বক্তব্য, যথাযথ নজরদারি ছাড়াই অনলাইন মাধ্যমে অবাধে ওষুধ বিক্রি রোগীদের জীবনের সঙ্গে বিপজ্জনক খেলায় পরিণত হয়েছে। এই দেশব্যাপী ধর্মঘটের মাধ্যমে অবৈধ বৈদ্যুতিন ফার্মেসির বিরুদ্ধে কঠোর নিয়ম প্রয়োগ এবং কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে।









