মুম্বই: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানালেন। সাম্প্রতিক সময়ে তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ও ৮ বছরের দাম্পত্য নাকি শেষের পথে। তবে সেই সমস্ত গুঞ্জনকে কার্যত নস্যাৎ করে রবিবার অক্ষয় তৃতীয়ার দিনই নতুন সদস্য আগমনের ঘোষণা করেন এই তারকা জুটি।
জানা গেছে, তাঁদের কন্যা দুয়ার জন্য শিগগিরই আসছে খেলার সঙ্গী। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন দীপিকা। সামাজিক মাধ্যমে এক অভিনব ভঙ্গিতে জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করেন তাঁরা। একটি ছবিতে ছোট্ট দুয়ার হাতে ধরা গর্ভধারণ পরীক্ষার কিটের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিত দেন রণবীর ও দীপিকা।
এই সুখবর প্রকাশ্যে আসতেই অভিনন্দন ও শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক মাধ্যম। সহকর্মী থেকে অনুরাগী— সকলেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখযোগ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে জন্ম নেয় কন্যা দুয়া পাডুকোন। মেয়ের বয়স দেড় বছর হতেই আবারও নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় এই দম্পতি।
বর্তমানে রণবীর–দীপিকার জীবনে আনন্দ যেন দ্বিগুণ। একদিকে ব্যক্তিগত জীবনের সুখবর, অন্যদিকে বিশ্বজুড়ে বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর ২’-এর সাফল্য। পাশাপাশি বছরের শেষ বা ২০২৭ সালের শুরুতে মুক্তি পাওয়ার কথা দীপিকার নতুন বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ছবি ‘রাকা’র।
মা হওয়ার পর ‘রাকা’র মাধ্যমেই বড়পর্দায় প্রত্যাবর্তন করছেন দীপিকা। এই ছবিতে তাঁর পারিশ্রমিক নিয়েও চলছে জোর আলোচনা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তিনি প্রায় ২৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা অন্য এক তারকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বলে জানা যাচ্ছে।










