তৃণমূলের পদ ও দলীয় প্রতীক ছেড়ে নির্দল ভূষণ সিংহ

IMG-20260623-WA0059

কোচবিহার: রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর কোচবিহারের রাজনীতিতে দেখা দিয়েছে নতুন জল্পনা। তৃণমূলের পদ ও দলীয় প্রতীক ছেড়ে নির্দল হিসেবে থাকার ঘোষণা করলেন কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান পুরো বোর্ডের নির্দল কাউন্সিলর ভূষণ সিংহ। কোচবিহারে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন, আপাতত কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। তবে ভবিষ্যতে বিশ্ব হিন্দু পরিষদ-সহ বিভিন্ন হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছা রয়েছে।এদিন সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন ভূষণ সিংহ। তাঁর দাবি, রাজনৈতিকভাবে তাঁকে চাপে রাখার জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। শুধু তাই নয়, বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে আসার জন্যও তাঁর উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তিনি।এখানেই থেমে থাকেননি ভূষণ সিংহ। কোচবিহার পৌরসভার বিভিন্ন কাজকর্ম নিয়েও সরব হন তিনি। পৌর পরিষেবার মান, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নাগরিক পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিষেবা মিলছে না। সেই কারণেই পৌর প্রশাসনের কাজে আরও স্বচ্ছতা, জবাবদিহি এবং জনমুখী ভূমিকার দাবি তুলেছেন তিনি। তৃণমূলের সঙ্গে দূরত্ব, নির্দল থাকার ঘোষণা, আর তারই মাঝে বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দু সংগঠনের সঙ্গে কাজ করার ইঙ্গিত—ভূষণ সিংহের এই অবস্থান বদল ঘিরে ইতিমধ্যেই কোচবিহারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তবে তাঁর তোলা অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ইতিপূর্বে তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন। পরবর্তীতে তিনি ফের তৃণমূলের ফিরে এলেও এখন দেখার, ভূষণ সিংহের এই নতুন রাজনৈতিক অবস্থান আগামী দিনে কোচবিহারের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।

About Author

Advertisement