বানারহাট: ডুয়ার্সে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই যুবক। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মোরাঘাট মোড় সংলগ্ন হিন্দি কলেজের সামনে দ্রুতগতির মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রিভার্স টিজ্ঞা (১৫) ও অভয় কর্ণের (১৯)। দুজনেই গয়েরকাটার লোদর লাইনের বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে মোটরবাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই গুরুতর জখম হন দুই যুবক। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এদিকে পৃথক আরও দুটি দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এদিন পরিবার-পরিজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত গোটা ডুয়ার্স এলাকা।










