মুম্বই: ইংল্যান্ডকে ৭ রানে পরাজিত করে ভারত টানা দ্বিতীয়বার বিশ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। দুই দলই রানবন্যা বইয়ে দেয়, তবে শেষ পর্যন্ত জয় আসে ভারতের ঝুলিতে। ভারত এখন রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল সংগ্রহ তোলে। জবাবে ইংল্যান্ডের হয়ে জেকব বেথেল স্মরণীয় শতরান করলেও দলটি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রানেই থেমে যায়।
ভারতের ইনিংসে ওপেনার সঞ্জু স্যামসনের অর্ধশতক ছিল প্রধান আকর্ষণ। আগের ম্যাচের ফর্ম বজায় রেখে স্যামসন ৪২ বলে ৮৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। শুরুতেই খারাপ ফর্মে থাকা অভিষেক শর্মা (৯) আউট হয়ে গেলে স্যামসনই দলের লড়াই চালিয়ে যান।
ভারতের হয়ে শিবম দুবে ও ইশান কিষানও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দুবে ৪টি ছক্কা ও একটি চারের সাহায্যে ২৫ বলে ৪৩ রান করেন। অন্যদিকে কিষান ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৯ রান করেন। হার্দিক পাণ্ড্য ২৭ এবং তিলক বর্মা ২১ রান যোগ করেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে জোফ্রা আর্চার ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
২৫৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে জেকব বেথেল দুর্দান্ত শতরান করলেও অন্য কেউ তাঁকে যথেষ্ট সমর্থন দিতে পারেননি। শেষ ওভারে রান আউট হওয়ার আগে তিনি ৪৮ বলে ১০৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার।
এছাড়া উইল জ্যাকস ৩৫ এবং জস বাটলার ২৫ রান করেন। ভারতের বোলারদের মধ্যে হার্দিক পাণ্ড্য সর্বাধিক ২টি উইকেট নেন।










