চেন্নাই: ভারত জিম্বাবোয়েকে ৭২ রানে পরাজিত করে আইসিসি টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল। বৃহস্পতিবার চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে। জবাবে জিম্বাবোয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানেই থেমে যায়।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের প্রায় সব ব্যাটারই দারুণ পারফরম্যান্স দেখান। এর মধ্যে অভিষেক শর্মার অর্ধশতক ছিল বিশেষ আকর্ষণ। তিনি ৩০ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন। এছাড়া হার্দিক পাণ্ডিয়া ২৩ বলে ৪টি ছক্কা ও ২টি চার মেরে অপরাজিত ৫০ রান করেন।
এছাড়া তিলক বর্মা অপরাজিত ৪৪, ঈশান কিশান ৩৮, অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৩ এবং ওপেনার সঞ্জু স্যামসন ২৪ রান যোগ করেন। ভারতীয় ব্যাটাররা এদিন মোট ১৭টি ছক্কা হাঁকান।
২৫৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ২০ ওভারে ১৮৪ রানই করতে পারে। জিম্বাবোয়ের হয়ে ওপেনার ব্রায়ান বেনেট সর্বাধিক অপরাজিত ৯৭ রান করেন। তিনি ৫৯ বলে ৮টি চার ও ৬টি ছক্কা মারেন। এছাড়া অধিনায়ক সিকান্দার রাজা ২১ বলে ৩১ রান করেন।
ভারতের বোলারদের মধ্যে অর্শদীপ সিং ২৪ রান দিয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন।










