মুম্বই: বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের বিরুদ্ধে পুণের এক কৃষকের জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছে। ওই কৃষকের দাবি, মাভাল অঞ্চলের প্রায় ১.২ বিঘা জমির উপর তাঁদের পারিবারিক ও বংশগত অধিকার রয়েছে।
অভিযোগ অনুযায়ী, কৃষক চন্দ্রকান্ত শিন্ডের দাবি, উক্ত জমিটি ১৯৫৭ সাল থেকে তাঁদের পৈতৃক সম্পত্তি হলেও সেটি বেআইনিভাবে কিনে নেন সোনালি বেন্দ্র ও তাঁর স্বামী গল্ডি বহেল। শুধু তাই নয়, জমিতে অবৈধ নির্মাণকাজের চেষ্টা করা হয়েছে এবং তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এই ঘটনায় সোনালি বেন্দ্র, তাঁর স্বামী গল্ডি বহেল এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার শুনানি আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোনালি বেন্দ্র। তাঁর দাবি, কোনও সরকারি নথি বা জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত দলিলে তাঁর নাম নেই, ফলে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন, অর্থ আদায়ের উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
অভিনেত্রীর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কৃষক আগেও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করেছিলেন, তবে সব আবেদনই খারিজ হয়েছে। আদালতে এই বিষয়ে পরবর্তী শুনানির অপেক্ষা চলছে।










